দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার তিতাস উপজেলায় পূর্ব বিরোধ ও যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা হত্যা মামলার আসামি আব্দুল লতিফ ভূঁইয়া (৪৫) নামে একজনকে কুপিয়ে গুরুতর জখম করার পর ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
সোমবার (১২ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল লতিফ ভূঁইয়া উপজেলার মানিককান্দি গ্রামের মৃত ধনু ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি এলাকার সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার পক্ষের সঙ্গে একই এলাকার সাবেক মেম্বার সাইফুল ইসলামের লোকজনের আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে ২০২২ সালের ৬ ডিসেম্বর আবুল হোসেন মোল্লার ছেলে ও ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম মোল্লাকে (৩০) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ওই হত্যা মামলার আসামি ছিলেন আব্দুল লতিফ ভূঁইয়া।
সম্প্রতি তিনি জামিনে কারামুক্ত হয়ে তিনদিন আগে এলাকায় ফেরেন। সোমবার রাতে মানিককান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে তাকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং পায়ের রগ কেটে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় লতিফকে উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পর অ্যাম্বুলেন্স থেকে নামানোর সময় তিনি মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত লতিফকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ঢাকা নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
এমএম/কে